আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৬ঃ
রাজ্যের দীর্ঘদিনের বৈরী সমস্যা সমাধান এবং শান্তি চুক্তির পরবর্তী ধাপগুলি কার্যকর করতে নতুন উদ্যোগ নিলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। মঙ্গলবার তিনি আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের সংগঠন এআইটিএফ-এর সদস্যদের সঙ্গে সরাসরি বৈঠক করেন এবং তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উঠে আসে, শান্তি চুক্তির পর প্রাক্তন বৈরীদের পুনর্বাসন এবং নাগরিক সুবিধা সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব দাবি-দাওয়া নিয়ে আলোচনা এগিয়ে নিতে প্রদ্যোত কিশোরের নেতৃত্বে শীঘ্রই এআইটিএফ ও এনএলএফটি-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দিল্লি যাবে। সেখানে কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগের কথা সামাজিক মাধ্যমে জানান তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, রাজ্যের আদিবাসীদের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে প্রদ্যোত কিশোরের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির প্রতিটি শর্ত সঠিকভাবে বাস্তবায়ন এবং প্রাক্তন বৈরীদের মূল স্রোতে ফিরিয়ে আনার বিষয়ে দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
এআইটিএফ সদস্যরাও আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির দ্রুত সমাধান হবে।