আগরতলা, ২৫ জুন, ২০২৬ঃ
সিপাহীজলা জেলার স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে ১০০ শয্যাবিশিষ্ট সিপাহীজলা জেলা হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস করেন তিনি। পাশাপাশি লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪x৭ ইমার্জেন্সি ও আইপিডি পরিষেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নয়ন ও উন্নত পরিষেবা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির কারণে বহিরাজ্যের বিনিয়োগকারীরা ত্রিপুরায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।
এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ১০টি আয়ুষ্মান আরোগ্য মন্দির, ২টি পাবলিক হেলথ ইউনিট, বক্সনগর সিএইচসির কোয়ার্টার কমপ্লেক্স, বিভিন্ন এসডিএম অফিসের কোয়ার্টার কমপ্লেক্স এবং বিশালগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জিবিপি হাসপাতালের শয্যা সংখ্যা ৭২৭ থেকে বাড়িয়ে ১৪১৩ করা হয়েছে। গোমতী জেলা হাসপাতালের শয্যাও দ্বিগুণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম, টিংকারিং ল্যাবসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে ২১টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে। জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সিপাহীজলা জেলার ৬টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম হিসেবে শংসাপত্র দেওয়া হয়। উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতকে টিবি রোগ মুক্ত পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত করা হয়।