আগরতলা, ২৯ এপ্রিল ২০২৬ঃ
ত্রিপুরার সব জেলায় আগামী পাঁচ দিনের জন্য মাঝারি থেকে তীব্র বজ্রঝড়, বজ্রপাত, দমকা থেকে ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিপাহিজলা জেলায় সর্বোচ্চ ১৪৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ধলাই, পশ্চিম ও খোয়াইসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬৫ থেকে ৯১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গেছে।
রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫ দিন ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রথম দুই দিনে এর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, খোয়াই, গোমতী এবং দক্ষিণ জেলায়। পরবর্তী দিনগুলোতেও রাজ্যের সব জেলায় এই প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
বজ্রপাত ও শিলাবৃষ্টিতে মানুষ ও গবাদি পশুর জন্য বিপদের সম্ভাবনাও রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বজ্রঝড়ের সময় ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।