আগরতলা, ২৯ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে বিদ্যুৎ পরিকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজ্যের আটটি জেলায় মোট ১,৬৬৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, ৭৪৫.৯৯ কিলোমিটার বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গেছে এবং ১০৩টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৫৯ লক্ষ টাকার বেশি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা। সেখানে ৪৯৪টি পোল, ৯৬ কিলোমিটার তার এবং ১২টি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। সিপাহিজলায় ২৬৮টি পোল ও ১৫টি ট্রান্সফর্মার, খোয়াইয়ে ২০৫টি পোল, গোমতীতে ১২৯টি পোল ও সর্বাধিক ১৯টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ত্রিপুরা তথা আগরতলা এলাকায় ২৬০টি পোল এবং ১৮৩.৯ কিলোমিটার তার ছিঁড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ মহকুমাতে বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে পানীয় জল সরবরাহ, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে।
শুখা মরশুমে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থার সংস্কার না করাতে বর্ষা শুরুতে ক্ষয়ক্ষতি আরো বেড়েছে বলে অভিযোগ সাধারণ নাগরিকের। এই পরিস্থিতিতে ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা সারাই করে স্বাভাবিক করতে অতিরিক্ত সময় লাগছে।