আগরতলা, ২৯ এপ্রিল, ২০২৬ঃ
রাজ্যের ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্রাসাদে আধুনিক মানের ‘তাজ’ হোটেল নির্মাণের প্রস্তাবকে ঘিরে বুধবার এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বৈঠকে প্রস্তাবিত হোটেল নির্মাণ প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা করেন ইন্ডিয়ান হোটেল কোম্পানী লিমিটেডের এরিয়া ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস। ‘তাজ পুষ্পবন্ত প্যালেস’ নামে এই প্রকল্পের সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনও পর্যালোচনা করা হয়।
আলোচনায় মুখ্যমন্ত্রী হোটেল নির্মাণের কাজ দ্রুত শুরু করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি হোটেলের অভ্যন্তরীণ সজ্জায় ত্রিপুরার নিজস্ব উৎপাদিত রাবার কাঠ, বাঁশ ও বেতজাত পণ্য ব্যবহারের পরামর্শ দেন, যাতে স্থানীয় শিল্পের প্রসার ঘটে। এছাড়াও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি সৌরশক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব অপূর্ব রায়, পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব টি কে ডার্লং, পর্যটন দপ্তরের অধিকর্তা অনিরুদ্ধ রায়, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈন, টুডা কমিশনার মিহিরকান্তি গোপ।
রাজ্যে পর্যটন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।