আগরতলা, ২ মে, ২০২৬ঃ
জনকল্যাণমূলক প্রকল্পের কাজের গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন দপ্তর ও বিভিন্ন নগর সংস্থার প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন।
মুখ্যমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে গতি আনার পাশাপাশি কাজ শেষ হওয়ার পর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি এবং টুডা’র অধীন বিভিন্ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
বিশেষভাবে আগরতলার জ্যাকশন গেট নির্মাণ, আখাউড়া সীমান্তে নির্মীয়মান লাইট হাউস প্রকল্প এবং সিটি হাসপাতালের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। নগর এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও দ্রুত শেষ করার কথা বলেন। পথচারীদের নিরাপত্তার জন্য ফুটপাথে রেলিং বসানোর নির্দেশ দেন।
এছাড়া উদয়পুরে গোমতী নদীর রিভারফ্রন্ট উন্নয়ন, পাম্প হাউসগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে নতুন পাম্প হাউস নির্মাণের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ২০টি নগর এলাকায় পিঙ্ক টয়লেট নির্মাণ প্রায় শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আগরতলার গাঙ্গাইল রোডের বিবেকানন্দ ব্যায়ামাগারের উন্নয়ন এবং শান্তিপাড়ার পুকুরে নতুন পাকা ঘাট তৈরির নির্দেশ দেন।
পরিবেশ সুরক্ষায় পূজার পর মূর্তি সঠিকভাবে সংরক্ষণ বা পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিতভাবে চালানোর ওপর গুরুত্ব দেন।
মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা সহ রাজ্যের অন্যান্য শহরে আধুনিক পরিকাঠামো গড়ে তুলে নাগরিক পরিষেবার মানোন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।