আগরতলা, ২ মে, ২০২৬ঃ
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পৃথক ভিলেজ কমিটি গঠন ও জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের দাবিতে সরব হয়ে উঠেছেন ব্রু পুনর্বাসিত পরিবারগুলি। শনিবার কাঞ্চনপুর মহকুমার নাইসিংপাড়া, খাসনামপাড়া ও আশাপাড়ার বাসিন্দারা দশদা ব্লক অফিসে গিয়ে বিডিও আম্পুইয়া দারলং-এর মাধ্যমে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২০ সালের চতুর্পাক্ষিক চুক্তির পর বিপুল সংখ্যক ব্রু পরিবার নাইসিংপাড়া এলাকায় পুনর্বাসিত হয়েছে। বর্তমানে এলাকায় ১০৬৪টি পরিবারের মধ্যে প্রায় ২৪৮৮ জন ভোটার বসবাস করছেন। তবে জনসংখ্যা ও ভোটার সংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুযায়ী ভিলেজ কমিটির আসন সংখ্যা বৃদ্ধি করা হয়নি।
ব্রু বাসিন্দাদের দাবি, বর্তমান ব্যবস্থায় মাত্র দুটি আসনের মাধ্যমে এত বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সম্ভব নয়। ফলে পুনর্বাসিত ব্রু সম্প্রদায় গণতান্ত্রিক অধিকার ও সমান প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও জানান, ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের সংশোধিত নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে নতুন ডিলিমিটেশন ও অতিরিক্ত আসন নির্ধারণের ক্ষমতা প্রশাসনের রয়েছে।
বাসিন্দাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ব্রু পুনর্বাসন এলাকাগুলিকে পৃথক পৃথক ভিলেজ কমিটি হিসেবে গঠন করে পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।