আগরতলা, ৪ মে, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় পেল বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অমিতাভ দত্তকে ১৮,৯২০ ভোটে পরাজিত করেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জহর চক্রবর্তী মোট ২৪,২৯১ ভোট পেয়েছেন। অন্যদিকে সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন ৬,০০১ ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫,৯৩৬ ভোট।
এই জয়ের ফলে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় বিজেপির আসন সংখ্যা আবার ৩৩ এ পৌছালো। তাদের সহযোগী দল তিপ্রামথা দলের রয়েছে ১৩ জন বিধায়ক এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, আইপিএফটি এর রয়েছে ১ জন বিধায়ক।
ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা ধর্মনগরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করায় তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, জনগণের এই বিপুল সমর্থন ও আস্থা তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাবে এবং সকলের সহযোগিতায় উন্নয়নের এই যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।