আগরতলা, ৫ মে, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, টিটিএএডিসি’তে নতুন নেতৃত্বের সূচনা হলো মঙ্গলবার। খুমুলুঙে পরিষদীয় ভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিভাবে রুনেইল দেববর্মাকে মুখ্যকার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। একইসঙ্গে ভবরঞ্জন রিয়াংকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এদিন।
সভাটি পরিচালনা করেন প্রোটেম চেয়ারম্যান জগদীশ দেববর্মা। তিনি প্রথমে চেয়ারম্যান পদে প্রস্তাব আহ্বান করেন। সদস্যা গীতা দেববর্মা ভবরঞ্জন রিয়াং-এর নাম প্রস্তাব করেন এবং উপস্থিত সকল সদস্য তা সমর্থন করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভবরঞ্জন রিয়াং মুখ্যকার্য নির্বাহী সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। এ সময় সদস্য কমল কলই রুনেইল দেববর্মার নাম প্রস্তাব করেন, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়। ফলে রুনেইল দেববর্মা নতুন সিইএম হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, ভবরঞ্জন রিয়াং দামছড়া জম্পুই কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন। অন্যদিকে, রুনেইল দেববর্মা বোধজংনগর ওয়াখিনগর কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে মুখ্যকার্য নির্বাহী সদস্যের দায়িত্ব পেলেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে টিটিএএডিসির প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।