আগরতলা, ৭ মে, ২০২৬ঃপাঠ্যক্রম থেকে অবৈজ্ঞানিক বিষয় বাতিল এবং ডারউইনবাদ পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার এসসিইআরটি অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন এসসিইআরটি কার্যালয়ে গিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে।ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের সম্পাদক সৈকত কুমার রায় জানান, মূলত তিনটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রথমত, এসসিইআরটি প্রকাশিত গণিত বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত রাহু-কেতুর ছবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, পাঠ্যক্রম থেকে অবৈজ্ঞানিক বিষয় বাদ দিতে হবে। তৃতীয়ত, বিজ্ঞানভিত্তিক শিক্ষার স্বার্থে পাঠ্যক্রমে পুনরায় ডারউইনবাদ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। ডেপুটেশন প্রদানকালে সংগঠনের সদস্যরা বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানভিত্তিক পাঠক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে পুনরায় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা জরুরি বলে তারা মনে করেন।এদিন সংগঠনের পক্ষ থেকে এসসিইআরটি কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়গুলি বিবেচনার আবেদন জানানো হয়।