আগরতলা, ৮ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় ৯ মে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইনসেবা
কর্তৃপক্ষের উদ্যোগে ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে।
এবারের জাতীয় লোক আদালতে মোট ৪৬টি বেঞ্চে ২৫ হাজার ৫১৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন ২০ হাজার ৭৭৯টি মামলা এবং মামলা পূর্ব বিরোধ সংক্রান্ত ৪ হাজার ৭৩৫টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
লোক আদালতে মোটর দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণ দাবি মামলার সংখ্যা রয়েছে ৩৪৭টি। এছাড়াও বৈবাহিক বিরোধ সংক্রান্ত ১৯৭টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪ হাজার ৪৮৫টি এবং বিএসএনএল বিল সংক্রান্ত ২৫০টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মধ্যে এমভি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট ও এক্সাইস অ্যাক্ট সম্পর্কিত মোট ২০ হাজার ১৮৪টি মামলা রয়েছে।
এছাড়া চেক বাউন্স সংক্রান্ত ২৭টি, দেওয়ানি ৫টি, আরবিট্রেশন সংক্রান্ত ৫টি, কমার্শিয়াল স্যুট ৩টি এবং চাকরি সংক্রান্ত ১১টি মামলাও লোক আদালতে নিষ্পত্তির জন্য নির্ধারিত হয়েছে। ত্রিপুরা হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চে ২৮টি মামলা শুনানির জন্য তোলা হবে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট মামলার পক্ষ ও বিপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।
ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ভিপি দেববর্মা দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুযোগ গ্রহণ করতে সাধারণ মানুষকে আহ্বান করেছেন।