আগরতলা, ৯ মে, ২০২৬ঃ
ত্রিপুরার জিআই স্বীকৃত কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তুলতে আগামী ২৭ জুন নয়াদিল্লিতে আন্তর্জাতিক আনারস প্রদর্শনীর আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য উদ্যান দপ্তরের উদ্যোগে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে এমন প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
প্রদর্শনীতে বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি প্রতিনিধি, ব্যবসায়ী, আমদানিকারক সংস্থা এবং কৃষি বিপণনের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। মূল লক্ষ্য ত্রিপুরার কুইন আনারসের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধি।
রাজ্য সরকারের দাবি, ২০১৮ সালে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র পণ্যের জিআই ট্যাগিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ইতিমধ্যে ত্রিপুরার কুইন আনারস, রিসা এবং মাতাবাড়ির পেঁড়া জিআই স্বীকৃতি অর্জন করেছে।
উদ্যান দপ্তরের কর্মকর্তাদের মতে, জিআই ট্যাগ পাওয়ার পর গত কয়েক বছরে ত্রিপুরার আনারসের বিদেশে রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে রাজ্যের কুইন আনারস রপ্তানি করা হচ্ছে।