আগরতলা, ১০ মে, ২০২৬ঃ
আগামী ২০ মে দেশজুড়ে একদিনের ধর্মঘটে শামিল হচ্ছেন ওষুধ ব্যবসায়ীরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস এর ডাকে এই কর্মসূচিতে অংশ নেবে ত্রিপুরার প্রায় সাড়ে তিন হাজার ওষুধের দোকান বলে জানিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।
রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন ফার্মেসির অনিয়ন্ত্রিত কার্যক্রম, কর্পোরেট সংস্থাগুলির অতিরিক্ত ছাড় এবং শোষণমূলক মূল্য নির্ধারণ নীতির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ওষুধের মূল্য নিয়ন্ত্রণে অযৌক্তিক নীতি, কম মুনাফার কারণে ব্যবসা টিকিয়ে রাখার সংকট, জিএসটি ও প্রশাসনিক জটিলতার বিষয়ও দাবির তালিকায় রয়েছে।
সংগঠনের অভিযোগ, বেআইনি ই-ফার্মেসির সংখ্যা বাড়তে থাকায় এবং বড় কর্পোরেট সংস্থাগুলির অতিরিক্ত ডিসকাউন্টের কারণে দেশের প্রায় ১২.৪ লক্ষ কেমিস্ট ও ওষুধ পরিবেশকের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে জড়িত প্রায় পাঁচ কোটি মানুষের উপরও এর প্রভাব পড়ছে।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী সোমবার ড্রাগ কন্ট্রোলারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘটের দিন জরুরি ওষুধ কাউন্টার খোলা থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।