আগরতলা, ১১ মে, ২০২৬ঃ
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে সোমবার জামিন দিল উদয়পুর দায়রা আদালত। সোমবার রাজ্যের গোমতী জেলার উদয়পুর দায়রা আদালতে হাজিরা দেন। ২০২১ সালের একটি মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেছে।
জানা গেছে, ২০২১ সালের ৩১ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত এক জনসভায় কুণাল ঘোষের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাধা কিশোরপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল, তাঁর ওই মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বিশেষ করে সীতার বনবাস ও ‘পাতাল প্রবেশ’ প্রসঙ্গে করা মন্তব্যকে ঘিরেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল।
মামলার তদন্ত চলাকালীন কুণাল ঘোষ নিজের বক্তব্যের সমর্থনে পুলিশের কাছে বিভিন্ন গবেষণামূলক নথি এবং রামায়ণের একাধিক সংস্করণের তথ্য জমা দিয়েছিলেন বলে জানা যায়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার উদয়পুর জেলা ও দায়রা আদালত তাঁকে জামিন প্রদান করে। আদালতে হাজিরা দেওয়ার পর তিনি আইনজীবীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।