আগরতলা, ১৪ মে, ২০২৬ঃ
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডি-রেগুলেশন ইনিশিয়েটিভের দ্বিতীয় পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন করে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে নতুন নজির গড়ল ত্রিপুরা। ডি-রেগুলেশন ফেজ ১ এর ২৩টি এবং ফেজ ২ এর ২৮টি মিলিয়ে মোট ৫১টি অগ্রাধিকারমূলক ক্ষেত্রের কাজ সম্পূর্ণ করেছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে।
সচিব কিরণ গিত্যে জানান, রেগুলেটরি রিফর্ম, ইজ অব ডুয়িং বিজনেস এবং প্রযুক্তিনির্ভর সুশাসনের ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে দেশের অন্যতম অগ্রগণ্য রাজ্যে পরিণত হয়েছে। এত কম সময়ে একাধিক দপ্তরে সংস্কার কার্যকর করার জন্য সারা দেশেই ত্রিপুরার প্রশংসা হচ্ছে।
তিনি জানান, এই সাফল্যের জেরে কেন্দ্রের ডিপিআইআইটি এর বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান ২০২৪-এ ত্রিপুরা ‘টপ অ্যাচিভার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যে সংস্কারের অনুমোদনের হার ৬৬ শতাংশ থেকে বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছে।
ভূমি সংস্কারের ক্ষেত্রে জমির ব্যবহার বিভাগ ১০০টির বেশি থেকে কমিয়ে মাত্র ১০টিতে আনা হয়েছে। পাশাপাশি জিআইএস ভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক গড়ে তোলা হয়েছে। শ্রম আইনের সংস্কারের ফলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আওতায় মহিলাদের নাইট শিফটে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।