আগরতলা, ১৪ মে, ২০২৬ঃ
কৈলাশহরের দুর্গাপুর এলাকার নিখোঁজ যুবক নিত্যানন্দ মালাকারের মৃতদেহ বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ কৈলাশহর চেকপোস্টে বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে মৃতদেহটি হস্তান্তর করে।
জানা গেছে, ২৫ বছর বয়সী নিত্যানন্দ মালাকার গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন। পরে বাংলাদেশের মনু নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর “মনু ল্যান্ড কাস্টমস” প্রক্রিয়ার মাধ্যমে মৃতদেহ ভারতে আনা হয়।
মৃতদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং কৈলাশহর থানার আধিকারিকরা। পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। পরে কৈলাশহর থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই কৈলাশহর পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডে মৃতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিত্যানন্দের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।