আগরতলা, ১৪ মে ২০২৬ঃ
ত্রিপুরার খোয়াই জেলার কমলপুর শহর সংলগ্ন বালিগাঁও এলাকায় একটি পুরনো রকেট সেল উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বালিগাঁও হাই স্কুলের সান্নিকটে থাকা একটি ছড়ায় মাছ ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দা মাধু দেব জলের নিচে ধাতব আকৃতির একটি বস্তু দেখতে পান। পরে সেটি তুলে আনলে এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন জলের নিচে পড়ে থাকার কারণে রকেট সেলটিতে মরিচা ধরেছে। তবে এর গঠন এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বহু মানুষ।
এলাকার প্রবীণদের ধারণা, ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী এই অঞ্চলে বিভিন্ন সামরিক তৎপরতা চলেছিল। সেই সময়েরই কোনো যুদ্ধাস্ত্রের অংশ হিসেবে সেলটি এখানে এসে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
যদিও উদ্ধার হওয়া সেলটি এখনও সক্রিয় কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তবে প্রশাসনের তরফে এই ঘটনা এখনো স্পষ্টিকরণ দেওয়া হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে বালিগাঁও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতি হিসেবেও দেখছেন।