আগরতলা, ১৫ মে ২০২৬ঃ
ত্রিপুরাকে দ্রুত সবুজ ও নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চলতি মাসের মধ্যেই রাজ্যের আটটি জেলার সভাধিপতির অফিসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
শুক্রবার ট্রেডার ২৯তম গভর্নিং বডির বৈঠক শেষে তিনি এই ঘোষণা করেন। বৈঠকে আট জেলার জেলা সভাধিপতি, বিদ্যুৎ দপ্তরের সচিব এবং ট্রেডা’র আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে পূর্ববর্তী সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী বলেন, রাজ্য সরকার বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ ও পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পি এম কুসুম প্রকল্পে ত্রিপুরা বর্তমানে দেশে শীর্ষ স্থানে রয়েছে এবং সেই অবস্থান ধরে রাখার চেষ্টা চলছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে যাতে কোনও কৃষিজমি অনাবাদি না থাকে এবং কৃষি উৎপাদন বাড়ে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার মধ্যে ৫,০০০ ইউনিট কাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় ৪,০০০ কানি জমিতে সৌর-সহায়িত কৃষিকাজ চলছে।
এছাড়া পি এম ডিভাইন প্রকল্পের মাধ্যমে যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানে বিনামূল্যে মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান মন্ত্রী।