আগরতলা, ১৬ মে, ২০২৬ঃ
পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলায় এক বিক্ষোভ মিছিল করল বিরোধী দল সিপিআইএম। দলের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভকারীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে কম থাকলেও দেশে লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। পরিবহণ ব্যয় বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ক্রমশ বাড়ছে, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবনে।
সিপিআইএম নেতৃত্বের দাবি, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ চাকুরিজীবী, সব শ্রেণির মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে গণপরিবহণের ভাড়া বৃদ্ধি এবং বাজারদরের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।