আগরতলা, ২২ মে, ২০২৬ঃ
জ্বালানি সাশ্রয় ও প্রশাসনিক ব্যয় কমানোর লক্ষ্যে ত্রিপুরার সরকারি কর্মীদের জন্য চারদিনের কর্মসপ্তাহ চালুর প্রস্তাব দিলেন বিজেপির মুখ্য সচেতক কল্যাণী রায়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্য সরকারকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কল্যাণী রায় বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। সেই প্রেক্ষিতে ত্রিপুরা সরকার ইতিমধ্যেই ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৪ মে থেকে রাজ্যের গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, এই পরিস্থিতিতে তিনি প্রস্তাব দেন, বর্তমানে আট ঘণ্টার পরিবর্তে দৈনিক অফিস সময় নয় ঘণ্টা বা তার কিছু বেশি করে সপ্তাহে চারদিন অফিস চালু করা যেতে পারে। তাঁর মতে, এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক ব্যয়ও কমবে।
পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংরক্ষণে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য ও বিধায়কেরা ইতিমধ্যেই এসকর্ট গাড়ি ও সরকারি যানবাহনের ব্যবহার কমিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া সাধারণ নাগরিকদের স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য গণপরিবহন, ই-রিকশা বা সাইকেল ব্যবহারের আহ্বান জানান কল্যাণী রায়।