আগরতলা, ২৩ মে, ২০২৬ঃ
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ফের বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম। ত্রিপুরায় বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২ টাকা ২৯ পয়সা। এদিন পেট্রোলের দামে লিটার প্রতি ৮৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ৮৮ পয়সা থেকে ৯১ পয়সা পর্যন্ত। ফলে প্রতি লিটার ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে ৯১ টাকা ২৩ পয়সা।
শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন বর্ধিত মূল্য। মাত্র ১০ দিনের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার জ্বালানির দাম বৃদ্ধি পেল, ফলে সাধারণ মানুষের উপর আরও বাড়ল আর্থিক চাপ।
মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সাধারণ নাগরিকরা।
এদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ চালকদের মধ্যে আবারো জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শনিবার সকাল থেকে আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্প গুলি তো দেখা গেল চালকদের ভিড়। মূল্যবৃদ্ধি ও সংকটের আশঙ্কায় এদিন সকাল থেকে চালকদের মধ্যে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করার হিড়িক দেখা দিয়েছে।