আগরতলা, ২৬ মে ২০২৬ঃ
ত্রিপুরার কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে “মিশন কুইন আনারস, ত্রিপুরা” প্রকল্পের উদ্বোধন হল বুধবার। এদিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এই ২৩৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রকল্পটির মেয়াদ তিন বছর।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার রাজ্যফল ‘কুইন আনারস’ জিআই ট্যাগপ্রাপ্ত। ইতিমধ্যে ত্রিপুরার কুইন আনারস আন্তর্জাতিক বাজারে নিজের পরিচিতি তৈরি করেছে।
‘আনারস চাষ ও মূল্যশৃঙ্খল উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পের রোডম্যাপ ২০২৬ থেকে ২০২৮ অর্থবর্ষ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য উৎপাদন বৃদ্ধি, ফসলোত্তর ব্যবস্থাপনা উন্নয়ন, প্রক্রিয়াকরণ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বিপণনকে শক্তিশালী করা।
২৩৬ কোটি টাকার প্রকল্প ব্যয়ের মধ্যে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক দেবে ১৪৫ কোটি টাকা, কৃষি মন্ত্রক ৩০ কোটি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ২৫ কোটি, আপেডা ৪ কোটি, শিল্প ও বাণিজ্য মন্ত্রক ২ কোটি, এমএসএমই মন্ত্রক ২ কোটি, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ২ কোটি এবং ত্রিপুরা সরকার দেবে ২০ কোটি টাকা।
মন্ত্রী আরও জানান, প্রকল্পটি তিনটি প্রধান উপাদানের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, চাষ ব্যবস্থাপনা, ফসলোত্তর ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ এবং ব্র্যান্ডিং ও বিপণন। এর পাশাপাশি বহু-মন্ত্রণালয় সমন্বিত মডেলও গ্রহণ করা হয়েছে।