আগরতলা, ২ জুন ২০২৬ঃ
ত্রিপুরার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত ক্রিকেট কিট ব্যাগ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে আরও উন্নয়ন সম্ভব হবে। গত আট বছরে রাজ্যে ৯টি সিন্থেটিক মাঠ নির্মাণ করা হয়েছে এবং আরও দুটি মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ধলাই জেলার গঙ্গানগর, আমবাসা, উদয়পুরসহ বিভিন্ন স্থানে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, আগরতলার বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলে ২০০ শয্যাবিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে। এছাড়া কৈলাসহর ও উদয়পুরে দুটি মাল্টিপারপাস ইনডোর হল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবর্ষে ক্রীড়া উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়ামে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারি নির্মাণ করা হবে।
মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, বিসিসিআই-এর সহযোগিতায় আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে চলছে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।