আগরতলা, ৫ জুন, ২০২৬ঃ
ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা করে আজ আগরতলার কুঞ্জবনস্থিত পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার সদস্য-সদস্যাগণ, সাংসদ, বিধায়ক, প্রশাসনের পদস্থ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভূমিপূজন সম্পন্ন হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হোটেল প্রকল্পের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রীকে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের প্রতিকৃতি উপহার দিয়ে সংবর্ধনা জানান।
ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সংস্থার সিইও পুনীত ছটওয়াল স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণ সংক্রান্ত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
জানা গেছে, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বিলাসবহুল হোটেলে থাকবে ৮৯টি স্ট্যান্ডার্ড রুম, ৬টি এক্সিকিউটিভ রুম, ৫টি এক্সিকিউটিভ স্যুট এবং একটি প্রেসিডেন্সিয়াল ভিলা। এছাড়াও অতিথিদের জন্য ব্যাঙ্কুয়েট ব্লক, বলরুম, মিটিং হল, রেস্টুরেন্ট, সুইমিং পুলসহ একাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা থাকবে।