আগরতলা, ২৮ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরার পুলিশ নির্দেশক অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবিতে এবার ছোট ভলেন রাজ্যের আইনজীবীরা। ঘটনার তদন্তে রাজ্য হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য কমিটি।
মঙ্গলবার সংগঠনের পক্ষে স্মারকলিপিতে বলা হয়, রাজ্যের পুলিশ নির্দেশকের এই অস্বাভাবিক মৃত্যু রাজ্যবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি করেছে। তাই এই ঘটনার তদন্ত শুধুমাত্র প্রচলিত প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে করা প্রয়োজন।
স্মারকলিপিতে রাজ্যপালের কাছে আবেদন করা হয়, তিনি যেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করেন। পাশাপাশি, তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি, ইলেকট্রনিক তথ্য, ফরেনসিক নমুনা এবং অন্যান্য প্রমাণ যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের মতে, একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ডিজিপি অনুরাগ ধানখড়ের অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, সমস্ত সংশয় নিরসন এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব হবে।