আগরতলা, ৬ জুন, ২০২৬ঃ
জাতীয় স্তরে একসাথে তিনটি পঞ্চায়েত পুরস্কার অর্জন করে নতুন সাফল্যের নজির গড়ল ত্রিপুরা। শনিবার সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান, শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কারগুলি এসেছে। তিনি বলেন, একসাথে তিনটি জাতীয় পুরস্কার লাভ রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের এবং অভাবনীয় সাফল্য।
এবার দেশের সেরা জেলা পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে সিপাহিজলা জিলা পরিষদ। এছাড়াও উনকোটি জেলার কুমারঘাটের কাঞ্চনবাড়ি পঞ্চায়েত ‘সেরা স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত’ পুরস্কার অর্জন করেছে। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা এলাকার বৈকুণ্ঠপুর পঞ্চায়েত যৌথভাবে ‘তৃতীয় সেরা নারী-বান্ধব পঞ্চায়েত’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই সাফল্যের সঙ্গে যুক্ত সকল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান। তিনি বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং নারী ক্ষমতায়নের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে এই পুরস্কার রাজ্যের অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।