আগরতলা, ১৪ জুন ২০২৬ঃ
খ্রিস্টধর্ম গ্রহণকারী আদিবাসীদের তফশিলি উপজাতি শংসাপত্র বাতিলের দাবিকে কেন্দ্র করে সরব হল তুইপ্রা স্টুডেন্টস’ ফেডারেশন, টিএসএফ। শনিবার এক প্রেস বিবৃতিতে সংগঠনটি জনজাতি সুরক্ষা মঞ্চের সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা জানায়।
টিএসএফ এর বক্তব্য, ধর্মের ভিত্তিতে কোনো আদিবাসী সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্ব করার দাবি সম্পূর্ণ অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী। সংগঠনের মতে, আদিবাসীদের তপশিলি উপজাতি মর্যাদা তাদের জাতিগত, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের উপর নির্ভরশীল, ধর্মীয় পরিচয়ের উপর নয়।
প্রেস বিবৃতিতে টিএসএফ আরও জানায়, শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে আদিবাসী জনগোষ্ঠীকে বিভক্ত করার চেষ্টা অন্যায় ও বিভাজনমূলক। এতে ত্রিপুরার আদিবাসী সমাজের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং অধিকার, উন্নয়ন ও কল্যাণের সংগ্রাম দুর্বল হয়ে পড়তে পারে।
সংগঠনটি সকল দায়িত্বশীল ব্যক্তি ও সংগঠনকে এমন মন্তব্য বা কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা সামাজিক অশান্তি, বৈষম্য ও সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দেয়। একইসঙ্গে টিএসএফ আদিবাসীদের সাংবিধানিক অধিকার, মর্যাদা ও ঐক্য রক্ষায় নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছে।