আগরতলা, ২০ জুন, ২০২৬ঃ
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে শনিবার ত্রিপুরার প্রায় দুই লক্ষ কৃষক মোট ৪৩ কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। এদিন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বোতাম টিপে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তি বিলি উপলক্ষে শনিবার আগরতলা ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কিস্তির মাধ্যমে দেশের ৯.৪৪ কোটি কৃষকের কাছে মোট ১৮,৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ত্রিপুরার ২ লক্ষ ১৬ হাজার ৬০৩ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছেছে ৪৩ কোটি ৩২ লক্ষ ৩৮ হাজার টাকার আর্থিক সহায়তা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কৃষকদের কল্যাণ এবং কৃষি খাতের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। পিএম কিষান সম্মান নিধি প্রকল্প কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান, তাদের আত্মনির্ভর করে তোলা এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, এই প্রকল্প কৃষকদের প্রতি সরকারের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। কৃষকদের উন্নয়ন ও কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।