আগরতলা, ২০ জুন, ২০২৬ঃ
আগরতলায় গড়ে উঠেতে চলছে একটি ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়বিলিটি হাব। এই উদ্দেশ্যে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার পরিদর্শনে গেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি ভুবনেশ্বরের ওয়ার্ল্ড স্কিল সেন্টারের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা ও পরিকাঠামো সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়। পাশাপাশি আগরতলার হাঁপানিয়ায় প্রস্তাবিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়বিলিটি হাব গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, হাঁপানিয়ায় প্রস্তাবিত ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়বিলিটি হাবকে একটি অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। এই কেন্দ্রের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে গুণগত মানসম্পন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিল্পমুখী শিক্ষা, দক্ষতা বৃদ্ধির কর্মসূচি এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগ প্রদান করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকার ভুবনেশ্বরের ওয়ার্ল্ড স্কিল সেন্টারকে নলেজ পার্টনার হিসেবে নিযুক্ত করেছে। ভুবনেশ্বরের ওয়ার্ল্ড স্কিল সেন্টার হাঁপানিয়ায় প্রস্তাবিত কেন্দ্রকে প্রযুক্তিগত সহায়তা, পরিচালন ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি বিষয়ে সহযোগিতা করবে।
ভুবনেশ্বর সফর শেষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা বলেন, রাজ্যের যুব সমাজকে উন্নতমানের দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিনিধি দলের সফর রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।