আগরতলা, ২২ জুন, ২০২৬ঃ
আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা। এই উপলক্ষে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই উৎসবের প্রস্তুতি বৈঠকে সভাপতিত্ব করেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, খার্চি পূজা ত্রিপুরার জাতি-জনজাতি সহ সকল স্তরের মানুষের মিলন উৎসব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রস্তুতি সভায় খার্চি উৎসব ও মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকার পরিকাঠামো উন্নয়ন, রাস্তার আলো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, মেডিক্যাল টিম মোতায়েনসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং মেলা প্রাঙ্গণে স্টল বণ্টনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রস্তুতি কমিটির সভাপতি রতন চক্রবর্তী জানান, ২০১৮ সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর একটি নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে খার্চি মেলা ও উৎসবের আয়োজন করা হচ্ছে। এবছরের বিষয় এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশের অগ্রগতিকে এবারের খার্চি উৎসবের বিষয় হিসেবে তুলে ধরা হতে পারে বলে জানান তিনি। আগামী দিনে কার্যকরী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।