আগরতলা, ২৯ জুন, ২০২৬ঃ ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের আর্থিক সহায়তায় রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৮টি এআই-সক্ষম পোর্টেবল হ্যান্ডহেল্ড এক্স-রে মেশিন, ৩টি ১.৫ টেসলা এমআরআই মেশিন এবং ৩টি ডিজিটাল ম্যামোগ্রাফি টোমোসিন্থেসিস ইউনিট।এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি দ্বিপাক্ষিক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এআই প্রযুক্তিসম্পন্ন পোর্টেবল হ্যান্ডহেল্ড এক্স-রে মেশিনগুলি বিশেষভাবে প্রত্যন্ত ও পাহাড়ি এলাকার রোগীদের জন্য উপকারী হবে। এই মেশিনের মাধ্যমে রোগীকে হাসপাতালে না এনে বাড়িতেই দ্রুত এক্স-রে করা সম্ভব হবে, ফলে রোগ নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল হবে।এছাড়াও ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে ১.৫ টেসলা এমআরআই মেশিন স্থাপন করা হবে। উন্নত প্রযুক্তির এই মেশিন শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের উচ্চমানের ছবি তুলতে সক্ষম, যা রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।একইসঙ্গে এই তিনটি জেলা হাসপাতালে একটি করে ডিজিটাল ম্যামোগ্রাফি টোমোসিন্থেসিস ইউনিট বসানো হবে। অত্যাধুনিক থ্রি-ডি ম্যামোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে নারীদের স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।