আগরতলা, ৭ জুলাই, ২০২৬ঃ
বর্ষাকালে ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার নিশ্চিত করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
বৈঠকে মন্ত্রী, ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা পুনর্বহালের জন্য কর্মীদের প্রস্তুত থাকরে নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতেও নির্দেশ দেন তিনি।
বিদ্যুৎ মন্ত্রী, হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি দপ্তরসহ সব ধরনের জরুরি পরিষেবার ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেন। পাশাপাশি গৃহস্থালী ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে ২৪ ঘণ্টা পরিষেবা সচল রাখা, বিদ্যুৎ বিল আদায়ের অগ্রগতি, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্ষাকালে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিভাগের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।
বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই বিভিন্ন জেলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি মেরামতি দল গঠন করা হয়েছে এবং ট্রান্সফরমার, ক্যাবল, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখা হয়েছে, যাতে দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনর্বহাল করা যায়।
নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নেতৃত্বে পরিকাঠামোর উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং গ্রাহকবান্ধব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে।