আগরতলা, ৭ জুলাই, ২০২৬ঃ
প্রিপেইড স্মার্ট মিটার প্রত্যাহার, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন এবং বর্ধিত বিদ্যুৎ মাশুলসহ বিভিন্ন চার্জ বাতিলের দাবিতে মঙ্গলবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, টিএসইসিএল এর সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের অভিযোগ, টিএসইসিএল এর বিদ্যুৎ পরিষেবার মান ক্রমশ অবনতি হচ্ছে। গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং বারবার সার্ভার ডাউন হওয়ায় বহু গ্রাহক সময়মতো রিচার্জ করতে পারছেন না। এর ফলে তীব্র গরমে বহু পরিবার বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগও বেড়েছে বলে দাবি করা হয়।
অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, প্রিপেইড স্মার্ট মিটারে অনেক ক্ষেত্রে রিচার্জের তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাছাড়া পোস্টপেইড স্মার্ট মিটারেও অস্বাভাবিক বিল আসছে এবং সময়মতো বিল পরিশোধ করলেও রিবেট মিলছে না। এছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং, লো-ভোল্টেজ এবং আগাম ঘোষণা ছাড়াই ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ও ডিউটি চার্জ বৃদ্ধি করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী বলেন, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষায় রাজ্যজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। পরে সংগঠনের প্রতিনিধি দল টিএসইসিএল এর ম্যানেজিং ডিরেক্টরের কাছে দাবিসংবলিত স্মারকলিপি পেশ করেন।