আগরতলা, ২৮ জুলাই, ২০২৬ঃ
আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, বিনিয়োগকারী সচেতনতা এবং পুঁজিবাজারভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর সঙ্গে তিনটি পৃথক সমঝোতাপত্র স্বাক্ষর করল ত্রিপুরা সরকার। মঙ্গলবার আগরতলার সিপার্ড, শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের সঙ্গে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, আর্থিক জ্ঞানসম্পন্ন ও দক্ষ মানবসম্পদই আগামী দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হবে। রাজ্যকে আর্থিকভাবে আরও সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব এবং স্বনির্ভর করে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাঁর মতে, এনএসই এর সঙ্গে এই অংশীদারিত্ব ত্রিপুরায় অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আর্থিক সাক্ষরতা, বিনিয়োগ সচেতনতা ও পুঁজিবাজারভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যুবসমাজ, উদ্যোক্তা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং ছাত্রছাত্রীদের আর্থিক বাজার ও বিনিয়োগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এনএসই-এর সঙ্গে ১৩ কোটিরও বেশি বিনিয়োগকারী যুক্ত রয়েছেন এবং দেশের সর্বত্র শেয়ারবাজারের প্রসার ঘটছে। ত্রিপুরাতেও শেয়ারবাজারে আগ্রহ বাড়লেও নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে সঠিক প্রশিক্ষণ ও আর্থিক সচেতনতার প্রয়োজন রয়েছে।
তিনি জানান, এনএসই এবং দক্ষতা উন্নয়ন দপ্তর যৌথভাবে শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড, বীমা, আর্থিক পরিষেবা ও বিনিয়োগ পরামর্শ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। এর ফলে ছাত্রছাত্রী ও যুবসমাজের সামনে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সিপার্ডের মাধ্যমে প্রশিক্ষিত মাস্টার ট্রেনারদের একটি নেটওয়ার্ক গড়ে তুলে প্রত্যন্ত এলাকায়ও আর্থিক শিক্ষা ও বিনিয়োগ সচেতনতা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি শিল্প ও বাণিজ্য দপ্তরের সঙ্গে এনএসই-এর অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। এতে রাজ্যে শিল্পায়ন, উদ্ভাবন ও বিনিয়োগ আরও গতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।