আগরতলা, ১২ ডিসেম্বর, ২০২৫ঃ
আলপনা গ্রামকে আরও জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকার প্রতি বছর শীতকালে, বিশেষত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় পিঠাপুলি উৎসবের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে প্রস্তুতি। এই উৎসবকে কেন্দ্র করে শুক্রবার এক প্রস্তুতি বৈঠক করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র জানান, এবছর পিঠাপুলি উৎসবকে আরও বৃহত্তর পরিসরে এবং আরও জনপ্রিয়ভাবে মানুষের কাছে তুলে ধরতেই এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও উৎসবে থাকবে ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও বিক্রির ব্যবস্থা। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ভালোবাসার প্রতীক হিসেবে এই পিঠাপুলি উৎসব শুধু খাবারের উৎসব নয়—এটি লোকজ সংস্কৃতি রক্ষা, পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং শীতের আমেজ উদযাপনের অন্যতম মাধ্যম বলেও মন্তব্য করেন মেয়র।
তিনি আরও বলেন, পিঠাপুলি উৎসব গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে, আত্মীয়তার বন্ধনকে শক্তিশালী করে এবং নতুন ফসল ঘিরে আনন্দ ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। উৎসব উপলক্ষে আলপনা গ্রামে পর্যটকদের অংশগ্রহণ বাড়িয়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বৈঠকে।