আগরতলা, ৮ জানুয়ারি ২০২৬ঃ
অঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে উত্তর-পূর্ব ভারতের ছাত্র, যুবদের ১৭টি সংগঠনের এক যৌথ মঞ্চ। বৃহস্পতিবার নয়াদিল্লির নাগাল্যান্ড স্টেট গেস্ট হাউসে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন ছাত্র সংগঠন ও সমিতির প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার প্রেক্ষিতে এই ১৭ সংগঠনের মঞ্চ থেকে উত্তর-পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার সংক্রান্ত বিষয়গুলি মোকাবিলার লক্ষ্যে দিল্লিতে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন নাগা স্টুডেন্টস ইউনিয়ন দিল্লির সভাপতি ডি সোজ়িও মাও। এতে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মোট ১৭টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বিস্তারিত আলোচনার পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। ডি সোজ়িও মাও-কে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী সংগঠনগুলি অঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি সহ, বর্ণবিদ্বেষ বিরোধী আইনগুলির কার্যকর প্রয়োগ, বিভিন্ন রাজ্যে উত্তর-পূর্বের মানুষের সুরক্ষায় বিশেষ পুলিশ বাহিনীর আরো সম্প্রসারণ এবং এনসিইআরটি এর পাঠ্যপুস্তকে উত্তর-পূর্ব ভারতের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে।