আগরতলা, ১০ জানুয়ারি ২০২৬ঃ
রেড শিল্ড ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, জিওসি দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আগরতলা সফর করেন। এই সফরে তিনি ঐতিহাসিক আলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে ল্যান্স নায়েক আলবার্ট এক্কা সহ দেশের জন্য আত্মবলিদানকারী সকল বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
সফরের অংশ হিসেবে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ইন্দো-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি, সীমান্তের ঝুঁকি, শত্রুতাপূর্ণ কার্যকলাপ এবং বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের প্রভাব নিয়ে আলোচনা হয়।
জিওসি রাজ্য প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে অসামরিক-সামরিক সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সফরকালে জিওসি রেড শিল্ড ডিভিশনের গৌরবময় ইতিহাস ও উত্তর-পূর্ব ভারতে সেনাবাহিনীর ত্যাগ ও বীরত্বের ঐতিহ্য তুলে ধরেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে, বিশেষত গঙ্গাসাগর যুদ্ধে রেড শিল্ড ডিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন।
এদিন জিওসি সেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মতবিনিময় করে অতীতের বীর যোদ্ধাদের আদর্শ অনুসরণ এবং ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্য বজায় রাখার উপর গুরুত্ব দেন।