আগরতলা, ১০ জানুয়ারি ২০২৬ঃ
উদ্ভাবনী কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘স্কচ অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ‘ইনোভেটিভ প্র্যাকটিসেস’ বিভাগে এই সম্মান প্রদান করে ব্যাংকের উদ্ভাবনী ব্যাংকিং উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর পরিষেবাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
স্কচ অ্যাওয়ার্ড ভারতের শাসনব্যবস্থা, উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার ক্ষেত্রে প্রদত্ত সর্বোচ্চ স্বাধীন সম্মানগুলির অন্যতম, যা কঠোর ও ফলাফলনির্ভর মূল্যায়নের মাধ্যমে প্রদান করা হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সমস্ত মূল্যায়ন ধাপ সফলভাবে অতিক্রম করে এই পুরস্কার অর্জন করেছে।
আগামী ১০ জানুয়ারি ২০২৬ নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে অনুষ্ঠিত ১০৫তম স্কচ সামিটে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। ‘গোবর্ণিং বিকশিত ভারত’ শীর্ষক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং পুরস্কার গ্রহণ করবেন।
এই স্বীকৃতি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর পরিষেবা সম্প্রসারণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নিরলস অবদানের প্রতিফলন।
ব্যাংকের চেয়ারম্যান এই সাফল্যের কৃতিত্ব সকল কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে ভবিষ্যতেও স্বচ্ছতা, উদ্ভাবন ও জনমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।