আগরতলা, ২৭ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ (টিআরইউজিএমপি)-র ২৩তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ২৯ ও ৩০ জানুয়ারি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি নরেশ জামাতিয়া। তিনি জানান, সম্মেলনে সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট এবং রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি জানান, বর্তমানে টিআরইউজিএমপি রাজ্যের ২৩টি মহকুমা, ১৫৭টি অঞ্চল এবং ৭৯৬টি ইউনিট কাজ করছে। কেন্দ্রীয় সম্মেলনে মোট ৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ২০২২ সালের পর থেকে সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে প্রায় ৮৮ হাজারে পৌঁছেছে বলেও তিনি জানান। প্রাথমিক ও মহকুমা স্তরে সম্মেলনগুলি অনুষ্ঠিত হয়ে গেছে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৯ জানুয়ারি সকাল ১১টায় আগরতলা টাউন হলে পতাকা উত্তোলন ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। একই দিন দুপুর ১২টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একটি জনসভায় বৃন্দা কারাট, জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখবেন।
নরেশ জামাতিয়া বলেন, এই কেন্দ্রীয় সম্মেলনের মূল লক্ষ্য হবে বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করা। পাশাপাশি বেকারত্ব, শূন্যপদে নিয়োগ, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প, এমজিএনরেগা কার্যকরভাবে রূপায়ণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়গুলিও সম্মেলন ও জনসভায় বিশেষভাবে তুলে ধরা হবে।