আগরতলা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
২০২৬–২৭ অর্থবছরের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটকে ত্রিপুরার জন্য অত্যন্ত ইতিবাচক ও আনন্দের বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের যৌথ সাংবাদিক সম্মেলনে বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই বাজেট ত্রিপুরার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
মুখ্যমন্ত্রী জানান, বাজেটে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ, মনিপুর, সিকিম, আসাম ও ত্রিপুরাকে কেন্দ্র করে বুদ্ধ তীর্থস্থানগুলিকে সংযুক্ত করে ই-বাস পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে বলে তিনি আশাবাদী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বাজেটে ছয়টি ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল বন্ধ হয়ে যাওয়া পুরনো শিল্পগুলির পুনরুদ্ধার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এমএসএমই সেক্টরকে আরও শক্তিশালী করা। এই উদ্দেশ্যে বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রীর আশা, এই বাজেট কার্যকরভাবে বাস্তবায়িত হলে ত্রিপুরার এমএসএমই সেক্টরের উল্লেখযোগ্য উন্নতি হবে এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে তা একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করবে।