আগরতলা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএএডিসি নির্বাচনের সঙ্গেই ভিলেজ কমিটির নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার নিজের সামাজিক মাধ্যমে তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা এই নির্দেশের কথা জানান।
প্রায় এক দশক ধরে আটকে থাকা ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে ২০২৫ সালের অক্টোবরে তিপ্রামথা দলের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই আদালত রাজ্য নির্বাচন কমিশনকে এডিসি ভোটের সঙ্গেই ভিসি নির্বাচন করার নির্দেশ দেয়। বর্তমান উপজাতি জেলা পরিষদ, এডিসি’র মেয়াদ রয়েছে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরার জনজাতি এলাকায় গ্রাম স্তরের প্রশাসন পরিচালনায় ভিলেজ কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই নির্বাচন না হওয়ায় দীর্ঘদিন ধরেই আদিবাসীদের মধ্যে অসন্তোষ ছিল।
তিনি আরও দাবি করেন, এই বিষয়ে ত্রিপুরা হাইকোর্ট একইভাবে নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও সরকার পদক্ষেপ নেয়নি। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে ভিলেজ কমিটি নির্বাচন এডিসি ভোটের সঙ্গেই আয়োজন করতে হবে।