আগরতলা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা স্টেট রাইফেলস, টিএসআর জওয়ানদের দীর্ঘমেয়াদি ছুটি বাতিল করা হয়েছে। টিএসআর এর দায়িত্বপ্রাপ্ত রাজ্য পুলিশের আইজি কেরি মারাক সমস্ত ব্যাটেলিয়নের কাছে এই নির্দেশ পাঠিয়েছেন।
নির্দেশ অনুযায়ী, টিটিএএডিসি ভোটের সময় নিরাপত্তা জোরদার করতে অধিকাংশ জওয়ানকে এডিসি এলাকায় মোতায়েন করা হবে। এই পরিস্থিতিতে টিটিএএডিসির বাইরে টিএসআর জওয়ানদের পোস্টিং এবং দীর্ঘ ছুটি আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।
ফলে টিটিএএডিসির বাইরে বিভিন্ন থানায় কর্মী সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেফতার, মিছিল-মিটিংয়ে নিরাপত্তা নিশ্চিত করার কাজে থানাগুলি টিএসআর জওয়ানদের উপরই নির্ভরশীল।
বর্তমানে এডিসি নির্বাচনের জন্য এআরও নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে টিএসআর জওয়ানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।
তবে রাজ্যের বাইরে কয়লা খনি বা দিল্লিতে মোতায়েন থাকা টিএসআর জওয়ানদের ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করা হয়নি বলে জানা গেছে।