আগরতলা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা তথ্যপ্রযুক্তি পরিষেবা বিধি, ২০২৫ এর অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের তরফে সামাজিক মাধ্যমে এই তথ্য জানানো হয়।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই বিধির মাধ্যমে রাজ্যের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনায় সুশৃঙ্খল প্রশাসন, মানসম্মত পরিষেবা এবং দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করা হবে। আইটিএস কাঠামোর অধীনে মোট ৩৩০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, যা রাজ্যে ডিজিটাল শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের অধীনে আইটিএস বিধি অনুমোদনের মাধ্যমে রাজ্য সরকার ডিজিটাল শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই উদ্যোগ ই-গভর্ন্যান্সকে শক্তিশালী করবে, ডিজিটাল পরিষেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়তা করবে এবং নাগরিকদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।
দপ্তর জানায়, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অভিন্ন তথ্যপ্রযুক্তি পরিষেবা চালু করা যাবে। একই সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে একটি বিশেষজ্ঞ কর্মীবাহিনী গঠন করা হবে। এর ফলে ত্রিপুরা তথ্যপ্রযুক্তি পরিষেবা বিধি থাকা অল্প কয়েকটি রাজ্যের তালিকায় যুক্ত হল।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রাজ্যের ডিজিটাল প্রশাসন আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।