আগরতলা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ঃ
আগরতলায় রাজ ভাষা সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে নিয়ে প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার আগরতলার কংগ্রেস ভবনের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন দলের কর্মী-সমর্থকেরা।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র সরকার জোর করে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ভোটাধিকার হরণ, গণতান্ত্রিক অধিকার খর্ব, ধর্মীয় মেরুকরণ এবং ভাষাগত আগ্রাসনের বিরুদ্ধেও তারা সরব হন। কংগ্রেস নেতাদের বক্তব্য, কালো পতাকা তাদের প্রতিবাদের প্রতীক এবং গণতন্ত্র ও ভাষার বৈচিত্র্য রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের আয়োজন করা হয়েছে শুক্রবার। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এবং দিল্লি থেকে আগত বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেন। সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রসার নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে।
কংগ্রেসের দাবি, ভাষার বৈচিত্র্য উপেক্ষা করে একক আধিপত্য চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।