আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে কুকুর পাচার চক্র। সর্বশেষ ঘটনা ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট চামপ্লাই এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে চার থেকে পাঁচটি দেশী প্রজাতির কুকুর পাচারের উদ্দেশ্যে বস্তাবন্দী করে জঙ্গলে ফেলে রাখা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় সচেতন নাগরিকদের নজরে আসে বিষয়টি। তারা সঙ্গে সঙ্গে মুঙ্গিয়াকামী থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে ত্রিপুরার একমাত্র কুকুর সংরক্ষণকারী সংস্থা পশম আগরতলা-র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কুকুরগুলোকে উদ্ধার করে নিয়ে যান। বর্তমানে উদ্ধার হওয়া কুকুরগুলিকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে।
এলাকাবাসীদের দাবি, এই পাচার চক্রের সঙ্গে স্থানীয় কয়েকজনের যোগসূত্র রয়েছে। বিশেষ করে লনসা ত্রিপুরা ও বাদল দেববর্মা নামে দু’জনের নাম অভিযোগের তালিকায় উঠে এসেছে বলে জানা গেছে। তাঁদের মতে, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে কুকুর পাচার চক্র সক্রিয় থাকলেও প্রশাসনের কড়া নজরদারির অভাব রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের আশঙ্কা, সময়মতো পুলিশ ও সংরক্ষণ সংস্থার হস্তক্ষেপ না হলে এই পাচার চক্র আরও বড় আকার নিতে পারত।
প্রশাসনের দ্রুত পদক্ষেপে প্রাণগুলো রক্ষা পেলেও পাচারকারীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে সর্বত্র।