আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার কৃষকদের স্বার্থে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানালেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত আর্থিক পর্যালোচনা সভায় তিনি এই দাবি জানান। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মোট ১৮টি রাজ্যের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।
মন্ত্রী রতন লাল নাথ জানান, ২০২৬-২৭ অর্থবছরে আরকেভিওয়াই-ডিপিআর প্রকল্পের অধীনে ৩০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষের সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে জোর দিয়ে তিনি অতিরিক্ত ২০ কোটি টাকা অনুমোদনের দাবি জানান।
সভায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জাতীয় কৃষি উন্নয়ন যোজনা প্রকল্পে ইতিমধ্যে ৭৯ শতাংশ তহবিল ব্যয় হয়েছে। কৃষি উৎপাদন যোজনা প্রকল্পে ৬১ শতাংশ এবং প্রাকৃতিক চাষ প্রকল্পেও ৬১ শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে। চলতি অর্থবছরে প্রাপ্ত সমস্ত তহবিল সম্পূর্ণ ব্যয়ের পরিকল্পনাও রাজ্য সরকারের রয়েছে বলে তিনি জানান। ব্যয়ের নিরিখে ত্রিপুরা দেশের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
তিনি আরও জানান, রাজ্যের প্রায় ৫০ শতাংশ জমিতে ধান চাষ হয় এবং ৯৬ শতাংশ কৃষকই ক্ষুদ্র ও প্রান্তিক। খাদ্য নিরাপত্তা ও কৃষকদের স্বার্থে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশনে ধান চাষের বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়েছে। পাশাপাশি আরকেভিওয়াই, জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন, জাতীয় পাম তেল মিশনসহ বিভিন্ন প্রকল্পে ব্যয়ের মান বৃদ্ধির আবেদন করা হয়েছে।