আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
দিল্লির গুরুগ্রামে পড়াশোনা করতে গিয়ে রোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন ত্রিপুরার এক ১৯ বছর বয়সী ছাত্রী। অভিযোগ, ওই ছাত্রীর উপর ধর্ষণ চালানোর পাশাপাশি দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নির্যাতিতার প্রতি সংহতি জানিয়ে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বামপন্থী মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের নেত্রীরা জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করতে চেয়েছিলেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব নির্ধারিত চিঠি বা আনুষ্ঠানিক আবেদন ছাড়া সাক্ষাৎ করা সম্ভব নয়। এর ফলে বাধ্য হয়ে সংগঠনের পক্ষ থেকে পোস্ট অফিসের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে পৃথকভাবে চিঠি প্রেরণ করা হয়েছে।
চিঠিতে নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকারের সক্রিয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ধরনের ঘটনা কেবল একজন ছাত্রীর উপর আঘাত নয়, বরং সমগ্র সমাজের জন্য লজ্জাজনক। ভবিষ্যতে যাতে অন্য কোনও ছাত্রী বা নারী এ ধরনের নির্যাতনের শিকার না হন, তার জন্য কঠোর আইন প্রয়োগ ও নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।