আগরতলা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
গুরুগ্রামে ত্রিপুরার এক ছাত্রীর উপর ধর্ষণসহ অমানবিক নির্যাতনের অভিযোগ এবং দেশজুড়ে মহিলাদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের প্রতিবাদে সরব হলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।
বুধবার আগরতলার কংগ্রেস ভবনের সামনে সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত নেত্রীবৃন্দ কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, দেশে নারী ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। বক্তারা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্র সরকার ব্যর্থ এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি দেশজুড়ে নারী সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়।
পুরো কর্মসূচি জুড়ে ছিল স্লোগান, প্রতিবাদী বক্তব্য ও কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।