আগরতলা, ১ মার্চ ২০২৬ঃ
ত্রিপুরায় রিয়াং তথা ব্রু জনজাতিদের জন্য পৃথক ব্রু স্বশাসিত জেলা পরিষদ গঠআনের দাবিতে সরব হয়েছে নতুন সংগঠন ব্রু রাইকাচাউ রাইকসম ইউনাইটেড, ব্রু- বি আর ইউ।
নতুন এই দলের পক্ষ থেকে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে চিঠি পাঠিয়ে চার দফা দাবি জানানো হয়েছে। তার মধ্যে প্রধান দাবি, ব্রু স্বশাসিত জেলা পরিষদ গঠন। পাশাপাশি ব্রু নেতারা দাবি করেছেন, ককবরক তাদের মাতৃভাষা নয়; তাদের ভাষা কাওরু এবং তারা তিপ্রাসা নন, পৃথক ব্রু জাতি। জোর করে ককবরক ভাষা ও তিপ্রাসা পরিচয় চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রস্তাবিত তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিলের বিরোধিতাও করেছে ব্রু- বি আর ইউ। বর্তমান ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়্যাল কাউন্সিল এর বদলে তারা ‘ত্রিপুরা ট্রাইব্যাল টেরিটোরিয়াল কাউন্সিল, টিটিটিসি নামকরণের দাবি তুলেছে।
এছাড়া এক বছর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিপ্রামথার যে চুক্তি হয়, তার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের দাবিও জানিয়েছে ব্রু নেতৃত্ব। তাদের অভিযোগ, ওই চুক্তির বিষয়বস্তু স্পষ্ট না হওয়ায় রিয়াং-সহ একাধিক ছোট-বড় জনজাতির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।