আগরতলা, ৩ মার্চ ২০২৬ঃ
গুরুগ্রামে ১৯ বছরের এক ত্রিপুরার তরুণী নির্যাতনের ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বর্তমানে নয়াদিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জানান, এই কঠিন সময়ে ত্রিপুরা সরকার সম্পূর্ণভাবে পরিবারের পাশে থাকবে। পাশাপাশি দিল্লিতে অবস্থিত ত্রিপুরা ভবনের স্পেশাল চিফ রেসিডেন্ট কমিশনারকে অবিলম্বে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন।
রাজ্য সরকার নির্যাতিতার সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এর আগে তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-র সঙ্গে কথা বলেন। সাইনি আশ্বাস দেন, গুরুগ্রাম নির্যাতনকাণ্ডে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এদিকে, ত্রিপুরার সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায় হাসপাতালে গিয়ে নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গেও যোগাযোগ করে আহত ছাত্রীর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।